সর্বশেষ সংবাদ :

নওমুসলিম ব্যবসায়ীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ-চাঁদা দাবি, গ্রেপ্তার ২

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শৈবাল চৌধুরী (২২) নামে এক নওমুসলিম পরিবহণ ব্যবসায়ীকে বিয়ের দাওয়াতের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ উপজেলার বনপাড়া সরদার পাড়া মহল্লার সানু খাঁর ছেলে রাসেল হোসেন (৩৭) ও একই মহল্লার রেজাউল করিমের ছেলে রহিদুল ইসলাম রোহান (২৮) কে গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এর আগে শনিবার দিনগত রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ী শৈবাল চৌধুরী উপজেলার বনপাড়া দিয়াড়পাড়া এলাকার শৈলেন্দ্র প্রসাদ চৌধুরীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শৈবাল চৌধুরীর রেন্ট এ কারের ব্যবসা রয়েছে। অভিযুক্ত রাসেল তার একটি মাইক্রোবাসের চালক ছিলো। কিন্তু বিভিন্ন অনিয়ম করায় কিছুদিন আগে শৈবাল তাকে চাকরী থেকে বাদ দেন। এতে রাসেল মানসিকভাবে ক্ষুব্ধ হলেও বিষয়টি বুঝতে না দিয়ে তার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখে। পরে গত শুক্রবার (১৪ আগষ্ট) রাত ১০টার দিকে তিনি শৈবালকে সরদারপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তাব দেন। শৈবাল সে প্রস্তাবে রাজি হলে রাসেল তাকে বনপাড়া সরদারপাড়ায় তার ভাড়া বাসায় নিয়ে যান। পরিকল্পনা মোতাবেক আগে থেকেই ওই বাসায় একজন নারীসহ আরো ৬-৭ জন লোক অবস্থান করছিলেন। ওই বাসায় যাবার পরই রাসেলের নেতৃত্বে সেখানে থাকা যুবকেরা শৈবালকে এলোপাথাড়ি পিটিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। পরে তারা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে শৈবাল তাকে এটিএম বুথে নিয়ে যাওয়ার কথা বলে। পরে তাদের সঙ্গে মোটর সাইকেলে চড়ে বনপাড়া বাজারের বুথে যাবার পথে লোকজন দেখে চিৎকার করলে তারা শৈবালকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। পরে শনিবার তিনি থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তাররা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে। মূল অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত তিন আগষ্ট উপজেলার মাঝগাঁও এলাকা থেকে একই পদ্ধতিতে ভিডিও ধারণ করে অপর এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।


প্রকাশিত: August 17, 2026 | সময়: 5:06 am | সুমন শেখ