, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: ঈাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে দোরোখিন সের্গেই নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার ১২ আগস্ট সকালে প্রকল্পের অভ্যন্তরে নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রকল্প সুত্রে জানা গেছে, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে কোম্পানির কার্যালয়ের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্টরা ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ওসি তদন্ত জামাল উদ্দীন জানান, খবর পেয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তর থেকে ওই রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, রাশিয়ান নাগরিকের মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।