, , ।
সিংড়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরের সিংড়ায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৯ আগস্ট বেলা ১১টায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদৎ হোসেন মিন্টু বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ ধারণার মাধ্যমে প্রতিটি শিশু যদি একটি করে গাছের দায়িত্ব নেয়, তবে ভবিষ্যতে আমরা একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে পারব। পরিবেশ রক্ষায় যুবসমাজ ও শিক্ষার্থীদের এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এমদাদুল হক মিলনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন এবং চারাগুলোর সঠিক পরিচর্যার জন্য তাগিদ দেন।