, , ।
স্টাফ রিপোর্টার: শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাজশাহীতে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ এম-আর (মিজলস-রুবেলা) ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে সোমবার শুরু হয়ে টিকাদান কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত। এ সময়ে কমিউনিটি পর্যায়ে ৮ দিন এবং স্কুলভিত্তিক ৩ দিন টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রাজশাহী জেলায় এবার মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৯৭৬ জন শিশু। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন এবং স্কুল পর্যায়ে ১৩ হাজার ৫৯৭ জন শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলায় মোট ২ হাজার ১৬৭টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫৭৩টি স্কুলভিত্তিক কেন্দ্র, ১ হাজার ৫৮৪টি আউটরিচ কেন্দ্র এবং ১০টি স্থায়ী কেন্দ্র রয়েছে। উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে বাগমারা উপজেলায় ৩০ হাজার ৯৮৬ জন, পবা উপজেলায় ২৭ হাজার ৬৭০ জন, চারঘাটে ১৮ হাজার ৯৬৬ জন, তানোরে ১৭ হাজার ৮৮২ জন, পুঠিয়ায় ১৭ হাজার ৮৫৪ জন, দুর্গাপুরে ১৭ হাজার ১৬৩ জন, বাঘায় ১৪ হাজার ৮১২ জন এবং মোহনপুর উপজেলায় ১৩ হাজার ২৪৪ জন শিশু।
গতকাল সকাল ৮টায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হাম-রুবেলা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আমরা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।
শিশুদের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, আপনাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসুন। একটি টিকা আপনার শিশুর সুস্থ ভবিষ্যতের নিশ্চিয়তা দিতে পারে। শিশুদের মধ্যে কোন হাম-রুবেলা রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থকেন্দ্রে নিয়ে যান ও চিকিৎসকের পরামর্শ নিন। রাসিক প্রশাসক আরো বলেন, হাম রোগ প্রতিরোধে প্রায় ৭০ হাজার জনসচেতনামূলক লিফলেট প্রস্তুত করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন নাগরিকদের প্রয়োজনে সব সময় পাশে আছে। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম, রাসিকের ৭ ও ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও আরএমপি‘র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক ড. কুস্তরী আমিনা কুইন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিন বেলা ১২টায় জেলার পবা উপজেলায় নওহাটা উপ-স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এইসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান, নওহাটা উপ-সহকারী কমিউনিটি মেডিকলে অফিসার মোমিনুল ইসলাম প্রমুখ। এইসময় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম টিকা ক্যাম্পেইনের সার্বিক খোঁজখবর নেন।