, , ।
আদমদীঘি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন মন্দির ও দেবালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ‘বৃক্ষ দেবো ভব’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর উপজেলার বিভিন্ন মন্দির-দেবালয়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।
এ কর্মসূচির আওতায় উপজেলার চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির, তালসন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির, সান্তাহার পৌরসভার বশিপুর রাধাগোবিন্দ মন্দির সহ বিভিন্ন মন্দির ও দেবালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা বাদল কুমার মৈত্র, সভাপতি অসিত কুমার দেবনাথ (বাপ্পা), সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার এবং পরিষদের নেতৃবৃন্দ উদয় কুমার সরকার, মদন মোহন সরকার, নিতিশ চন্দ্র পাল, লক্ষণ সরকার ভূষণ, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র, জগাই কুণ্ডুসহ অন্যরা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সবুজায়নের আওতায় এনে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।