সর্বশেষ সংবাদ :

ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ওরফে ফরিদের বিরুদ্ধে চাঁদা দাবি, হত্যার হুমকি এবং অবৈধভাবে পুকুর খননের মাধ্যমে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহীন মিয়া ধনবাড়ী থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ধনবাড়ী প্রেসক্লাবে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী উপজেলার বাজিতপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে শাহীন মিয়া জানান, একই গ্রামের আব্দুল আজিজ খলিফার ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে ফরিদ বিগত আওয়ামী লীগ সরকারের সময় ইউপি সদস্য নির্বাচিত হন। জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি বিএনপির কৃষক দলে যোগ দিয়ে দলের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ করেন শাহীন।
তার দাবি, জুলাই অভ্যুত্থানের পর এক রাতে নির্জন রাস্তায় তাকে আটকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন ফরিদ। পরে সম্প্রতি আবারও দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তার গরুর খামার থেকে গরু চুরির ঘটনাও ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শাহীন মিয়া আরও অভিযোগ করেন, তার বসতবাড়ীর পাশের জমিতে সরকারি অনুমতি ছাড়াই পুকুর খনন করে পানি নিষ্কাশনের সিমেন্টের পাইপ সরিয়ে ফেলায় বর্তমানে তার বাড়ীসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বাজিতপুর আমির হোসেন উচ্চ বিদ্যালয়, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং আশপাশের বাড়ীঘরে বৃষ্টির পানি জমে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে ফরিদ তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তার বাড়ীর ভেতর দিয়ে খাল কেটে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেন শাহীন।
স্থানীয় বাসিন্দা আলপনা বেগম, সেলিনা আক্তার ও ফিরোজা বেওয়াসহ একাধিক ব্যক্তি জানান, পুকুর খননের পর থেকে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হচ্ছে না। ফলে বাড়ীঘরে পানি ঢুকে পড়ছে এবং জলাবদ্ধতার কারণে বিভিন্ন রোগব্যাধির আশঙ্কা দেখা দিয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বাজিতপুর আমির হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, আগে বিদ্যালয়ের মাঠের পানি পাশের জমি দিয়ে বের হয়ে যেত। কিন্তু পুকুর খননের পর পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মাঠে দীর্ঘ সময় পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। তিনি মাঠ ভরাট ও স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ওরফে ফরিদ বলেন, ‘আমার নিজস্ব জমিতে আমি পুকুর খনন করেছি। এর জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। শাহীন আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করছেন।’
স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য রিনা খাতুনের স্বামী সুরুজ্জামান সুরুজ জানান, টানা বৃষ্টির কারণে পানি জমে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল। খবর পেয়ে তিনি পুকুরের পাড়ের একাংশ অংশ কেটে দেওয়ায় পানি নিষ্কাশন শুরু হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য বিদ্যালয়ের মাঠ ভরাট ও একটি কালভার্ট নির্মাণের দাবি জানান তিনি।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধনবাড়ী থানার এলাকায় কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর স্থান হবে না।’


প্রকাশিত: July 15, 2026 | সময়: 3:47 am | সুমন শেখ

আরও খবর