সর্বশেষ সংবাদ :

বেলিংহামের জোড়া ডানায় উড়ে সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: বিটলসের একটা গান আছে না; হেই জুড, দোন্ট মেক ইট বেড। টেক আ স্যাড সং এন্ড মেক ইট বেটার। মায়ামিতে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলার সময় এই গানটাই কি ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামের কানে বাজছিল! কেন বলছি এই কথা? সেটা ম্যাচের বিবরণ শুনলেই বুঝতে পারবেন।
৯০ মিনিটে নিষ্পত্তি হয়নি উত্তাপ ছড়ানো এই ম্যাচ। বিতর্ক হয়েছে, ভিএআরের হস্তক্ষেপ হয়েছে, বাতিল হয়েছে গোল ও পেনাল্টি। তবে সব নাটকীয়তার শেষে হাসল ইংল্যান্ডই। নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে থ্রি লায়ন্সরা।
মায়ামিতে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের পায়ে। প্রথম ১৬ মিনিটেই ম্যাচের ছন্দ নিজেদের দখলে নেয় তারা। তবে বলের দখল ও আক্রমণের আধিপত্য কাজে লাগাতে না পারার শাস্তি পেতে হয় ৩৬ মিনিটে। প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই এগিয়ে যায় নরওয়ে। দূরপাল্লার দারুণ এক শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে আন্দ্রেয়াস শেলদেরুপ নরওয়েকে এগিয়ে দেন। ম্যাচের গতিপ্রকৃতি বিবেচনায় গোলটি ছিল অনেকটাই স্রোতের বিপরীতে।
তবে পিছিয়ে থেকেও ভেঙে পড়েনি ইংল্যান্ড। ওই যে, বেলিহামের কথা বলছিলাম, বিরতির বাঁশি বাজার আগে ইংলিশদের ত্রাতা হয়ে আসলেন এই মিডফিলদার। যোগ করা সময়ে অ্যান্থনি গর্ডনের পাস থেকে বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা ফেরান জবেলিংহাম। যদিও গোলটি ঘিরে পরে বিতর্ক তৈরি হয়। নরওয়ের দাবি, গোলকিপার অরইয়ান নিলান্ডের নেওয়া গোলকিকটি স্টেডিয়ামের স্কাইক্যামের তারে লেগে দিক পরিবর্তন করেছিল। সেই বল থেকেই আক্রমণের সূচনা হয়েছিল বলে তাদের অভিযোগ। তবে রেফারি কিংবা ভিএআর কোনো অনিয়ম খুঁজে না পাওয়ায় গোল বহাল থাকে।
বিরতির সময় পরিসংখ্যানও ইংল্যান্ডের আধিপত্যের কথাই বলছিল। ৬৮ শতাংশ বল দখলে রাখা থ্রি লায়ন্সরা প্রতিপক্ষের বক্সে বল স্পর্শ করেছিল ১০ বার। কিন্তু স্কোরলাইন ছিল ১-১। দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও নাটকীয় হয়ে ওঠে। ৫৭ মিনিটে কর্নার থেকে বল জালে পাঠিয়ে নরওয়েকে আবারও এগিয়ে দেন টরবইয়র্ন হেগেম। কিন্তু গোলটি টেকেনি। ভিএআর পর্যবেক্ষণে দেখা যায়, কর্নার থেকে বল আসার সময় আর্লিং হালান্ড ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দেন। সেই ফাউলের কারণেই রেফারি মনিটরে দেখে গোল বাতিল করেন। যদিও একই কর্নার আবার নেওয়ার সুযোগ পায় নরওয়ে, যা ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে অসন্তোষের জন্ম দেয়।
এরপর ৭৫ মিনিটে ভাগ্যও সহায় ছিল ইংল্যান্ডের। কর্নারের পর একাধিক চেষ্টায় নরওয়ে প্রায় গোল পেয়েই গিয়েছিল। প্রথমে ক্রসবার, পরে ফিরতি শট, দুটোই শেষ মুহূর্তে প্রতিহত করে বড় বিপদ এড়ায় ইংলিশ রক্ষণ। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানে নায়ক হয়ে ওঠেন আবারও বেলিংহাম। ৯৩ মিনিটে মরগান রজার্সের শট নিলান্ডের হাতে জমে যাবে বলেই মনে হচ্ছিল। কিন্তু নরওয়ের গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে আসা বলের সামনে সবচেয়ে আগে হাজির হন বেলিংহাম। ফিরতি বল জালে ঠেলে দিয়ে ইংল্যান্ডকে প্রথমবারের মতো এগিয়ে দেন তিনি।
১০১ মিনিটে জেড স্পেনসকে ফাউল করার অভিযোগে ইংল্যান্ডকে পেনাল্টি দেওয়া হলেও ভিএআর রিভিউয়ের পর সিদ্ধান্ত বদলে ফেলেন রেফারি। রিপ্লেতে দেখা যায়, স্পেনস আসলে ফাউলের শিকার হননি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ফেরার চেষ্টা করে নরওয়ে। তবে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করা আর্লিং হালান্ডকে পুরো ম্যাচেই দারুণভাবে নিয়ন্ত্রণে রাখে ইংল্যান্ডের রক্ষণ। ১০৬ মিনিটে তাকে তুলে নেন কোচ স্টলে সোলবাকেন। বদলি হিসেবে মাঠে নামেন ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।
অন্যদিকে ১০৯ মিনিটে অরইয়ান নিলান্ড পরপর দুটি দুর্দান্ত সেভ করে নরওয়েকে ম্যাচে টিকিয়ে রাখলেও শেষ রক্ষা হয়নি। আর ১১১ মিনিটে জোড়া গোলের নায়ক বেলিংহাম মাঠ ছাড়লে দাঁড়িয়ে করতালি দেয় ইংলিশ সমর্থকেরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই সেমিফাইনালে উঠে যায় ইংল্যান্ড। শেষ চারের লড়াইয়ে থ্রি লায়ন্সদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল।


প্রকাশিত: July 13, 2026 | সময়: 3:28 am | সুমন শেখ