সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, উদ্যোক্তাদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ কমিশনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উদ্যোক্তারা কোনো ধরনের আইনশৃঙ্খলাজনিত সমস্যা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়ে তাঁদের মতামত জানতে চান। এ সময় চেম্বারের নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।
তবে তাঁরা জানান, ভবন নির্মাণের ক্ষেত্রে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী জোরপূর্বক নিম্নমানের নির্মাণসামগ্রী ক্রয়ে চাপ সৃষ্টি করে থাকে। এছাড়া কিছু এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের উৎপাতও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব বিষয়ে কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তাঁরা পুলিশের প্রতি আহ্বান জানান।
পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরে ব্যবসা ও শিল্পের বিকাশে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো উদ্যোক্তা বা ব্যবসায়ী আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নির্মাণসামগ্রী ক্রয়ের ক্ষেত্রে নাগরিকরা তাঁদের পছন্দের বিক্রেতার কাছ থেকেই স্বাধীনভাবে পণ্য ক্রয় করবেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জোরপূর্বক নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে নির্মাণসামগ্রী কিনতে বাধ্য করতে বা প্রভাব বিস্তার করতে পারবে না। এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর গ্যাং প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, অপরাধে জড়িত কিশোরদের বিরুদ্ধে তাদের অপরাধের ধরন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে কিশোর গ্যাং গঠন ও বিস্তার রোধে প্রতিটি থানায় সচেতনতামূলক মতবিনিময় সভা আয়োজন এবং অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সহ-সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।