সর্বশেষ সংবাদ :

আন্দোলন করেছি একসঙ্গে, দেশও পরিচালনা করতে চাই ঐক্যবদ্ধভাবে : এমপি আবু সাঈদ চাঁদ

নুরুজ্জামান, বাঘা :

রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, আন্দোলন-সংগ্রাম করেছি একসঙ্গে, দেশ পরিচালনাও করতে চাই একসঙ্গে। এজন্য দলের মধ্যে ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য । তাই দলীয় নেতা-কর্মীদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশা পুরণে জনগণের পাশে থেকে একসাথে কাজ করার আহ্বান জানান । শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় বাঘা সদরের অবস্থিত মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

কলেজের অধ্যক্ষ মো: নছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আবু সাঈদ চাঁদ বলেন, শিক্ষার মানোন্নয়নে উন্নত শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে নারী শিক্ষার্থীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার সুযোগ, দেশে কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হবে।

 

তিনি আরও বলেন, প্রতিটি উপজেলায় একটি করে মহিলা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে তালিকা চাওয়া হলে তিনি মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের নাম সুপারিশ করবেন। কারণ, প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম সেরা ফলাফল অর্জন করে আসছে এবং তারা সরকারি স্বীকৃতি পাওয়ার যোগ্য।

আবু সাঈদ চাঁদ বলেন, তিনি জেনেছেন এই কলেজে দূর-দূরান্ত থেকে ছাত্রীদের পড়তে আসতে হয়। কয়েক মাস আগে দুর্গম চররাজাপুর ইউনিয়নের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এর প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি নিজস্ব অর্থায়নে হলেও কলেজটিতে একটি ছাত্রী হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এ ঘোষণায় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।

 

এর আগে কলেজের সহকারী অধ্যাপক ও পৌর জামায়াতের আমির মো: সাইফুল ইসলাম বক্তব্যে বলেন, কারাগারে থাকার সময় আবু সাঈদ চাঁদের সঙ্গে পরিচয় হয়। তাঁর সাথে প্রতিদিন অনেক মানুষ গল্প করতে আসতেন। তিনি গাছের উদাহারণ টেনে বলেন, কিছু পাখি বট গাছের ফল খেতে আসে ,আর কিছু মানুষ বটগাছের ছায়া উপভোগ করতে আসেন । মুলত: আমাদের এমপি হলেন একজন বটবৃক্ষ।

এর জবাবে আবু সাঈদ চাঁদ বলেন, “আমরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছি। প্রয়োজনে আবারও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামব।” তিনি দাবি করেন, অতীতে শেখ মুজিবের সময় দেশে দুর্ভিক্ষ হয়েছিল। সে সময় বহু মানুষ না খেয়ে মারা গিয়েছিল এবং ইতিহাস থেকে এ তথ্য পরিস্কার হওয়া যাবে।

আওয়ামী লীগের সমালোচনা করে আবু সাঈদ চাঁদ বলেন, শেখ হাসিনা দেশকে নিজের দেশ বলে দাবি করতেন। আজ তিনি দেশের বাইরে অবস্থান করছেন কেন-এ প্রশ্ন জনগণের কাছে রেখে গেলাম। কারণ খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি।

তিনি চারঘাট-বাঘা আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমালোচনা করে তাঁর সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি নিজের রাজনৈতিক জীবনে নির্যাতন, কারাবাস এবং ব্যক্তিগত ক্ষতির কথাও তুলে ধরেন এবং তাকে পালিয়ে না থেকে দেশে আশার আহবান জানান। আবু সাইদ চাঁদ চার মাসের মধ্যে দুর্গম পদ্মা চলাচল নিয়ে গঠিত চকরাপুর ইউনিয়নে যাওয়ার জন্য নদীপথে ব্রিজ স্থাপনের কথা ব্যক্ত করে। একই সাথে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকদের বেতন বৈষম্যের বিষয়টি জাতীয় সংসদে উপস্থাপনের চেষ্টা করবেন। এ জন্য শিক্ষার্থীদের পড়া-শোনার বিষয়ে সকল শিক্ষককে দৃষ্টি রাখার জন্যও আহবান জানান তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোসা: শাম্মী আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি নুরুজ্জামান খান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্যসচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার এবং কলেজের শিক্ষার্থী মাহমুদা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মোজাহার হোসেনের সহধর্মিণী সায়েরা খাতুন , উপজেলা বিএনপির সদস্য মোকলেছুর রহমান মুকুল, এডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, সুরুজ জামান, যুবদল নেতা সালে আহমেদ, পৌর বিএনপির নেতা আব্দুল লতিফ, যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফিসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সানশাইন /শামি


প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ৬:০২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর