বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর এলাকায় স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দিনে-দুপুরে গৃহবধূকে ধর্ষণ মামলার আলোচিত আসামী তুষারকে আটক করা হয়েছে। ঘটনার ছয়দিন পর রাজশাহী র্যাব-৫ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে জেলার বেলপুকুর এলাকা থেকে তাকে আটক করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাবাসপুর এলাকায় স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে একই গ্রামের মুক্তার আলীর ছেলে তুষার (২৪) প্রতিবেশী এক গৃহবধূকে দুপুর ১ টার সময় ধর্ষণ করে। এ ঘটনার তিনদিন পর সকালে স্বামী বাড়ি ফিরে এলে বাঘা থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
এদিকে মামলা রেকড করার দুদিন পর গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫ বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে জেলার বেলপুকুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত আসামী তুষার ইতোমধ্যে তার অপরাধ স্বীকার করেছেন বলেও নিশ্চিত করেন র্যাব। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে শুক্রবার সকালে বাঘা থানায় তুষারকে সোপর্দ করা হয়েছে বলে জানান, বাঘা থানার (মামলা) তদন্ত কর্মকর্তা এসআই প্রদ্যুৎ কুমার।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি-তে) পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তুষার পলাতক ছিল। তবে শেষ পর্যন্ত তাকে আটক করলো রাজশাহী র্যাব-৫।