সর্বশেষ সংবাদ :

নগরীতে অটোরিকশার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক অনুমোদন বা রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পূর্বঘোষণা ছাড়াই ব্যাটারিচালিত অটোরিকশার স্বঘোষিত ও লাগামহীন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং সাধারণ জনগণের চরম ভোগান্তি নিরসনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে রাজশাহীর সাধারণ জনগণের পক্ষে ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়্যাসের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামীউল আলীম শাওন ও ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী মো. রবিন শেখ যৌথস্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করেন।
এছাড়া বিষয়টি সম্পর্কে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপির অনুলিপি রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে জমা দেয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয় যে, গত ১৫ জুন থেকে মহানগরীর অভ্যন্তরে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাগুলোর সর্বনিম্ন ভাড়া কোনো প্রকার প্রাতিষ্ঠানিক অনুমোদন ব্যতিরেকেই হুট করে এক লাফে ৫ (পাঁচ) টাকা থেকে বৃদ্ধি করে ১০ (দশ) টাকা নির্ধারণ করা হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল কোনো প্রকার লোগো বা বৈধতা ব্যতীত বেনামী লিফলেট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া ও কাল্পনিক ভাড়া তালিকা প্রচার করে সাধারণ চালক ও যাত্রীদের মধ্যে কৃত্রিম বিভ্রান্তি সৃষ্টি করছে। এই উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক ভাড়া বৃদ্ধির ফলে মহানগরীর সাধারণ যাত্রী, চাকুরিজীবী, শিক্ষার্থী এবং নিম্নআয়ের মেহনতি মানুষ প্রতিদিন তীব্র আর্থিক হয়রানি ও চরম মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিটি মোড়ে মোড়ে যাত্রীদের সাথে চালকদের বাকবিতণ্ডা, উত্তেজনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতির আশঙ্কা তৈরি হচ্ছে। স্মারকলিপিতে নাগরিকের দুর্ভোগ লাঘব এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্মারকলিপিতে ৪টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে।


প্রকাশিত: জুন ২২, ২০২৬ | সময়: ৫:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর