রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নুরুজ্জামান ,বাঘা :
শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না । এমনটি বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে রাজশাহীর বাঘায় চারতলা ভিত-বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা সদরে অবস্থিত ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ের এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
সকাল ১১টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে চলমান কার্যক্রমের কথা তুলে ধরেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী এরবাস্তবায়নে প্রায় ২ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ-সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালেহ আহম্মেদ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, “শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। তাই শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে ব্যাপক কাজ করছে। নতুন নতুন ভবন নির্মাণ, শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
এমপি চাঁদ আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে তিনি অভিমত প্রকাশ করেনিএকই সাথে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজের বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর, ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, মলিন, উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বাঘা থানা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, অভিভাবক সদস্য শাহিনুর রহমান, শিক্ষক প্রতিনিধি আলতাব হোসেন, প্রকৌশলী এজাজুল আলম-সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।