শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: চলতি বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দিতে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বড়গাছি ইউনিয়নের সবসার স্কুল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে বড়আমগাছি গ্রামের আর্জেন্টিনা সমর্থক দল এবং ব্রাজিল সমর্থক দল মুখোমুখি হয়। খেলা শুরুর আগেই মাঠের চারপাশে দর্শকদের ভিড় জমে যায় এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। ট্রাইব্রেকারে আর্জেন্টিনা সমর্থক দল ৩-২ গোলে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করে বিজয় অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কে এইচ রানা শেখ ও মো. বাবুল হোসেন। তারা খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন।
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের একত্রিত করা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলা উপভোগ করতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এমন আয়োজন এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করেছে। প্রতিবছরের মতো এবারও এ খেলা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।