বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: চাকরি রাজস্বখাতে স্থানান্তরসহ ৪ দফা দাবিতে রাজশাহীতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা মানববন্ধন করেছেন। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী কলেজ গেটের সামনে এ কর্মসূচির আয়োজন করে রাজশাহী বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।
মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— চাকরি অবিলম্বে রাজস্বখাতে স্থানান্তর, স্থানান্তরের আগ পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, দীর্ঘদিন কর্মরত অস্থায়ী কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে নতুন নিয়োগ বন্ধ রাখা এবং অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুতি বন্ধ করে শূন্য হাতে অব্যাহতি না দেওয়া।
বক্তারা বলেন, দেশের প্রায় ৩৫০টি সরকারি কলেজে ১০ থেকে ২৫ বছর ধরে বেসরকারি কর্মচারীরা দায়িত্ব পালন করলেও এখনো তাদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর হয়নি। তারা প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
রাজশাহী বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ এহসানুল কবীর বলেন, ৩য় ও ৪র্থ শ্রেণির অধিকাংশ কাজ বেসরকারি কর্মচারীরা করলেও তাদের চাকরি স্থায়ী হয়নি। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় নিয়োগে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, স্বল্প বেতনে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। করোনা মহামারির সময় অনেকের বেতন কমিয়ে দেওয়া হয়েছিল, ফলে অনেকে চরম সংকটে পড়েছেন।
বক্তারা জানান, এর আগেও বিভিন্ন সময়ে আন্দোলন, স্মারকলিপি ও কর্মসূচি পালন করা হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। মানববন্ধনে বিভিন্ন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।