বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় ১৫০ থেকে ২০০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী কলেজ টিমের টিচার ইনচার্জ সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুর রকিব। কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলীসহ রেড ক্রিসেন্টের শিক্ষক উপদেষ্টামণ্ডলী।
রক্তদাতা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ শিপন বলেন, রেড ক্রিসেন্ট রাজশাহী কলেজ টিমের এই মহৎ উদ্যোগে সাড়া দিয়ে আমি রক্তদান করেছি। এটি নিঃসন্দেহে একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ, যা অনেকের জীবন বাঁচাতে সহায়ক হবে। এমন আয়োজনে অংশ নিতে পেরে আমি গর্বিত।
কর্মসূচি সম্পর্কে রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট টিমের যুবনেতা রবিউল ইসলাম মিন্টু বলেন, আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জরুরি মুহূর্তে যেন রক্তের সংকটে কোনো মানুষের জীবন ঝুঁকিতে না পড়ে। সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধনের পর থেকেই শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। স্বেচ্ছায় অংশ নিয়ে তারা মানবিক দায়িত্বের দৃষ্টান্ত স্থাপন করছে।
তিনি আরও বলেন, রক্তদাতা শিক্ষার্থীদের জন্য ডোনার কার্ডের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে প্রয়োজনে ব্লাড ব্যাংক থেকে সহজেই রক্ত গ্রহণ করা সম্ভব হবে।
রক্তদান কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ছয়টি গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা সেবার ব্যবস্থাও করে রেড ক্রিসেন্ট সোসাইটি। এসব পরীক্ষার মধ্যে ছিল—রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, সিফিলিস ও ম্যালেরিয়া পরীক্ষা।
ফেরদৌস /শামি