বদলগাছীতে মহান বিজয় দিবস পালিত

রানা হামিদ, বদলগাছী,নওগাঁ :

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গণে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে পুষ্পমাল্য অর্পন করেন, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন বদলগাছী উপজেলা শাখা। এর পর পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে বদলগাছী মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান। একই সঙ্গে পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

পরে স্টেডিয়াম মাঠে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেন বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুচকাওয়াজ শেষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়।

বেলা ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকালে ফুটবল খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সানশাইন /শামি


প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫ | সময়: ৯:০৬ অপরাহ্ণ | Daily Sunshine