সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে নলডাঙ্গা উপজেলায় অবস্থিত শহীদদের স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়।

এরপর উপজেলা প্রশাসনের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান, নলডাঙ্গা পৌরসভার পক্ষে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, নলডাঙ্গা থানা পুলিশ প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ সাকিউল আযম, নলডাঙ্গা উপজেলা বিএনপির পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে আটটায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নলডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম, সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, নলডাঙ্গা উপজেলার প্রকৌশলী হারুনুর রশিদ প্রমূখ।

এম জহুরুল ইসলাম/শামি


প্রকাশিত: December 16, 2025 | সময়: 9:00 pm | Daily Sunshine