সর্বশেষ সংবাদ :

জাতীয় স্মৃতিসৌধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

জাবি প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের সংগঠন ‘জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’-এর (জাবি প্রেসক্লাব) সদস্যরা।

জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি ও সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের নেতৃত্বে মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় প্রেসক্লাবের প্রায় বিশ জনের অধিক সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রত্যেকেই জাতীয় পতাকার আদলে লাল-সবুজ পাঞ্জাবি পরিধান করে স্মৃতিসৌধে গমন করেন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক বলেন, ‘প্রায় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের এ দিনে বাংলার ভাগ্যাকাশে এক নতুন সূর্যোদয় দেখা দেয়। প্রভাত সূর্যের রক্তাভ ছড়িয়ে পড়ে বাংলাদেশের সকল প্রান্তে। বাঙালির এ ত্যাগ কখনও ভুলবার নয়।’

জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি বলেন, “পৃথিবীর মানচিত্রে এ দিনে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হয়েছিল। আজকের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব শহিদদের প্রতি, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নিয়ে আনতে শহিদ হয়েছেন।”

আলামিন খান/শামি


প্রকাশিত: December 16, 2025 | সময়: 2:37 pm | Daily Sunshine

আরও খবর