বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) বাদ আসর পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা পৌর বিএনপির ২ ও ৩ নং ওয়ার্ডের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী ৬-চারঘাট-বাঘা থেকে ধানের শীষ মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ভাবনায় দোয়া পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমানে এক কঠিন সময় পার করছেন হার-না মানা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। স্বামী হারানোর শোক আর সন্তানের শূন্যতা বুকে চেপে রেখে তিনি সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে গেছেন। রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, নির্যাতন ও অপদস্থের বিরুদ্ধে তিনি দীর্ঘ লড়াই ও সীমাহীন যন্ত্রণায় ক্লান্ত হলেও কখনো ভেঙে পড়েননি এবং দেশ ত্যাগ করেননি। লড়াইয়ের ময়দানে তিনি ছিলেন অবিচল। এ কারনে তাঁকে বাংলাদেশের আপসহীন নেত্রী বলা হয়। আজ সারা দেশবাসী তাঁর জন্য কাঁদছেন। প্রক্ষান্তরে আরেকজন নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন।
চাঁদ বলেন, আমাদের প্রিয় নেত্রী বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য বিশ্বের বড়-বড় দেশ থেকে ডাক্তার আনা হয়েছে। ৮০ বছরের জীবনে নানা রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে, যা বর্তমান অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন করে তুলেছে। আমরা চারঘাট-বাঘার মানুষ প্রতিদিনই তার জন্য সৃষ্টি কর্তার কাছে দোয়া চাচ্ছি।
তিনি বলেন, হে-আল্লাহ আপনি হুকুম না দিলে গাছের একটি পাতাও লড়েনা। আমরা অভিভাবক শুন্য হতে চাইনা মাবুদ। দেশের এই ক্লান্তি লগ্নে আপনার কাছে প্রিয় নেত্রীর জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছি । আপনি দেশনেত্রী খালেদা জিয়ার হায়াত দারাজ করুন।
বাঘা পৌর সভার ২ নং ওয়ার্ড সভাপতি মঞ্জুর আলমের সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ডের সভাপতি জহুরুল হক টনিজ এ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, যুক্তরাজ্য প্রবাসী মানবধিকার বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার শামসুজ্জোহা, বাঘা পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ জ্জামান সুরুজ, জিয়া পরিষদের সদস্য বাবুল ইসলাম, যুবদল নেতা সালে আহাম্মে (সালাম),বিএনপি নেতা আব্দুল লতিফ, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার, যুবদুল নেতা শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, রেজাউল করিম,সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নারী নেত্রী ফারহানা দিল আফরোজ রুমি, বিএনপি নেত্রী শাপলা খাতুন, শিলা আকতার প্রমুখ ।
আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দুটি পৌর সভা ও সাতটি ইউনিয়নের সকল পদধারী নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং তারেক রহমানের জন্যও বিশেষ দোয়া মোনাজাত পাঠ করান মওলানা সাজেদুর রহমান।
এদিকে বাদ মাগরিব বাজুবাঘা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি নিজ গ্রাম আমোদপুর জামে মসজিদে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য পৃথক একটি দোয়া মাহফিল এর আয়োজন করেন।
সানশাইন /শামি