সর্বশেষ সংবাদ :

জিল্লুর এন্ড কোং ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা: পানি নিষ্কাশন বন্ধ, প্রায় ৪০০ বিঘা জমির ফসল পানিতে

শাহালাল ইসলাম, রাজশাহী

রাজশাহী ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠান জিল্লুর এন্ড কোং অব্যবস্থাপনার কারণে স্থানীয় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে।

শুক্রবার রাতে টানা বৃষ্টির কারনে গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর এলাকার পাঁচগাছি বিলের প্রায় চারশত বিঘা জমি পানিতে তলিয়ে গিয়েছে।

স্থানীয়দের অভিযোগ প্রতিষ্ঠানটি পানি নিষ্কাশনের জন্য নির্ধারিত এলাকার পানি নিষ্কাশন ব্রিজটি ভরাট করে রেখেছে, যার ফলে এলাকাজুড়ে পানি জমে কৃষিজমি প্লাবিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটি দিয়ে পাশের নদীতে পানি প্রবাহিত হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি কোনো পূর্বঘোষণা বা বিকল্প ব্যবস্থা ছাড়াই ব্রিজটি মাটি ও নির্মাণ সামগ্রী দিয়ে বন্ধ করে রাখে।

ফলে সাম্প্রতিক বৃষ্টিপাতে জমির পানি নিষ্কাশন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৪০০ বিঘা জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে চাষিরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, তারা বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে অনুরোধ করেছেন। কিন্তু প্রতিষ্ঠানটির লোকজন উল্টো প্রতিবাদে নামা সাধারণ কৃষকদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায নিয়ে বেশ কয়েকজন আহত হওয়ারও অভিযোগ উঠেছে।

এলাকার জনগণ দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

তারা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন যেন জিল্লুর এন্ড কোং এই অবহেলা ও হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল।

সানশাইন /শামি


প্রকাশিত: November 1, 2025 | সময়: 2:46 pm | Daily Sunshine