সর্বশেষ সংবাদ :

বাঘায় জামায়াতের সমাবেশে পিআর পদ্ধতি-সহ পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবি

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রে ঘোষিত পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।উক্ত সমাবেশে প্রধান অতিথি রাজশাহী (৬) চারঘাট-বাঘা থেকে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক বলেন, দেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নাই। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে জামায়াত ইসলামী সব সময় জনগণের পাশে থাকবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধে আমাদের এই আন্দোলন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর বাঘার ঐতিহাসিক তেঁতুল তলায় মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন দলটির উপজেলা সভাপতি ও জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন নুহু। এ সময় প্রধান অতিথি বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে আমরা ভালো অবস্থানে আছি। কারণ আমরা সন্ত্রাস আর লুটপাটের রাজনীতি করিনা। বরং গত বছর ৫ আগস্টের পরে হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছি। এবং মানুষের অধিকার আদায় এর লক্ষ্যে কাজ করেছি।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী গুম-খুন সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী নয়। আমাদের গায়ে কেউ আঘাত না করলে আমরা কাউকে নাড়া দেই না। তিনি গণবিরোধী নীতি, জনগণের ভোটাধিকার হরণ, নেতাকর্মীদের গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদ ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ -সহ পিয়ার পদ্ধতিতে ভোটের দাবি জানিয়ে ৫ দফা কর্মসুচী দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জনদুর্ভোগ সৃষ্টি নয়, বরং মানুষের অধিকার আদায়ই লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এই সমাবেশ থেকে দলীয় বক্তারা বলেন, বিগত সময়ে আমরা নারীদের রাজনৈতিক ভাবে মাঠে নামাইনি। কিন্ত দেশের অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং বাস্তবতার জায়গা থেকে এখন আমাদের মেয়েরাও মাঠে কাজ করছে। ইতোমধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্বাচনে ইসলামী সংগঠনের বিজয় সু-নিশ্চিত হয়েছে। আমরা আশা করছি, এবারের জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতে ইসলামী জয়-যুক্ত হবে।

এদিকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ হওয়ার পর হাজার হাজার জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। মিছিলটি উপজেলার শাহী মসজিদ সংলগ্ন ঐতিহাসিক তেঁতুলতলা থেকে উপজেলার সদরে অবস্থিত আম চত্বর পর্যন্ত গিয়ে একই স্থানে এসে শেষ হয়।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: September 27, 2025 | সময়: 10:18 am | Daily Sunshine