সর্বশেষ সংবাদ :

বিএনপিতে চাঁদাবাজের স্থান নেই: চন্দন

জয়পুরহাট প্রতিনিধি: জাতীয়তাবাদী দল জয়পুরহাট জেলা শাখা আয়োজনে চিনিকল মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে জয়পুরহাট চিনিকল মিলনায়তনে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিএনপির নতুন সদস্য ভর্তি ও সদস্য নবায়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভার প্রধান অতিথি বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি গণমানুষের দল, বিএনপির কৃষকের দল, বিএনপির শ্রমিকের ও সাধারণ মানুষের দল, এ দলে কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ কোন সুবিধা ভোগীর স্থান হবে না, যারা জনগণের কল্যাণে কাজ করবে তারাই শুধু বিএনপির সদস্য ফরম পূরণ করে ভর্তি করতে পারবে।
একটা কথা সবাই মনে রাখবেন বিএনপিকে কঠিন এক সময় পার করতে হচ্ছে কাজেই কোন সুবিধাভোগীকে বিএনপিতে ভর্তি করিয়ে জাতির ক্ষতি করবেন না, এ ব্যাপারে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি করে কিংবা কোন অন্যায়ের সঙ্গে জড়িত হয় তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে, সে যত বড়ই নেতা হোক কোনরকম ছাড় পাবে না, এটাই আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশ।
অনুষ্ঠানের সভাপতি গোলজার হোসেন বলেন, আমরা সকলেই জনগণের প্রতি দায়িত্বশীল হয়ে জনবান্ধব মানুষদেরকে বিএনপির সাথে সম্পৃক্ত করব। কোন বসন্তের কোকিলকে দলে জায়গা দেওয়া হবে না। মনে রাখবেন দলের দুঃসময়ে যারা আমাদের পাশে ছিল যারা গণমানুষের বন্ধু তাদেরকে নিয়েই আগামীতে দল পরিচালনা করা হবে। যারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত আছেন, তারা আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করুন, মনে রাখবেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেশ বাঁচাতে হবে।


প্রকাশিত: July 2, 2025 | সময়: 4:15 am | সুমন শেখ