সর্বশেষ সংবাদ :

তামাক পোড়ানোর ঘরে ঝুলছিল স্বামীর লাশ, স্ত্রীর লাশ ছিল ঘরে

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে একই সাথে এক কৃষক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর লাশ ঝুলছিল তামাক পোড়ানোর ঘরের আড়ার সাথে আর স্ত্রীর লাশ ছিল নিজ ঘরের বিছানায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দরগাড়া গ্রামে। নিহতরা হলেন, মৃত আজিজুল হকের ছেলে রইজুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (৩২)।
স্থানীয়দের ধারণা ঋণের দায়ে আত্মহত্যা করেছেন রইজুল ইসলাম। তবে তার স্ত্রী ফাতেমার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চত করে বলতে পারছেন না কেউ।
নিহত ওই দম্পতির ছেলে সম্রাট জানান, পাশের ঘরেই ঘুমিয়ে ছিলেন তিনি। সকালে মায়ের ঘরে বিছানায় মায়ের মৃত দেহ দেখতে পান। পরে বাড়ির সামনের তামাক পোড়ানোর ঘরের আড়ার সাথে রশিতে ঝোলানো বাবার লাশ দেখতে পান। তিনি বলেন, বাবার বেশ কিছু টাকা ঋণ ছিল। কি কারণে এই ঘটনা ঘটল তা বলতে পারবো না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, যতদুর জানাগেছে, তামাকের চাষ করতে গিয়ে অনেক টাকা ঋণ হয় রইজুলের। সেই ঋণের দায়েই আত্মহত্যা করেছেন তিনি।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চত করে বলা যাচ্ছে না।


প্রকাশিত: June 3, 2025 | সময়: 4:23 am | সুমন শেখ

আরও খবর