সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর ও বাগমারার উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মোহনপুরের সাঁকোয়া মোড়ে ট্রাকের ধাক্কায় তানোরের উপজেলার এক নারীর মৃত্যু হয়, অপরদিকে বাগমারার নারায়নপাড়া গ্রামে বাসের ধাক্কায় কেশরহাট এলাকার এক যুবকের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাহিন্দ্রা গাড়ির ড্রাইভার রাজশাহী থেকে ৫ জন যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশ্যে যাওয়ার পথে মোহনপুর উপজেলার সাঁকোয়া মোড়ে সকাল পৌণে ১০ টার দিকে নওগাঁ থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কায় মাহিন্দ্রার সকলে রক্তাক্ত জখম হয়ে রাস্তায় পড়ে থাকে।
খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রা গাড়ির যাত্রী তানোর উপজেলার হঠাৎ পাড়া গ্রামের তৈয়ব মন্ডলের স্ত্রী খাতেজা বিবি (৬৫) কে মৃত ঘোষণা করেন।
মাহিন্দ্রার ড্রাইভার সহ অন্যান্য যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন।
অপর দিকে, সকাল সাড়ে ৯ টার দিকে বাগমার মচমইল থেকে মোহনপুরের কেশরহাটে আসার পথে উপজেলার নারায়নপাড়া গ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল আরোহী হলো, মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের ওয়াহাব দেওয়ানের ছেলে সজিব হোসেন (২৭)।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ গিয়ে পরিদর্শন ও আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।


প্রকাশিত: জুন ২০, ২০২৫ | সময়: ৪:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ