সর্বশেষ সংবাদ :

ছুটির পর প্রথম কর্মদিবসে ব্যাংক-অফিসে ঈদের আমেজ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহার টানা দশ দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ। যথারীতি শুরু হয়েছে সব অফিস-আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। গত ৫ জুন শুরু হয়েছিল টানা এই ছুটি। রোববার (১৫ জুন) দীর্ঘ ছুটির পর কর্মদিবস শুরু হলেও পুরোপুরি কাটেনি ঈদের আমেজ। ব্যাংক ও অফিস-আদালতে প্রথম দিনে খুব একটা প্রাণচাঞ্চল্য ফিরেনি।
সকালে রাজশাহীর বিভিন্ন ব্যাংক অফিস ঘুরে দেখা গেছে, ঈদের পরে সহকর্মীদের সঙ্গে প্রথম দেখা হওয়ায় গল্প-গুজবেই দিন পার করছেন অনেকেই। সিনিয়র-জুনিয়র মিলে একে অপরকে জড়িয়ে ধরে করছেন কোলাকুলি। কেমন কাটল ঈদ, কোরবানি কেমন হলো, কোথাও বেড়াতে গেলেন কি না এমন আরও নানা বিষয়ে খোশগল্পে মেতেছেন তারা।
রাজশাহীর অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা জানান, ঈদের ছুটির পর গ্রাহকের উপস্থিতি সাধারণত কম থাকে। দীর্ঘ ছুটি থাকার পর খোলার কারণে হয়তো দুপুর থেকে গ্রাহক বাড়বে। এর ফাঁকে কর্মকর্তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করছেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। সিনিয়র-জুনিয়র সবাই মিলে সবাই সবার খোঁজ খবর নিচ্ছেন।
ব্যাংকে গ্রাহক সব সময় একটু বেশি থাকলেও এদিন তুলনামূলক কম রয়েছে। কাউন্টারের গ্রাহকের উপস্থিতি পেলে কর্মকর্তারা তাদের সঙ্গেও কুশল বিনিময় করছেন। জানতে চাচ্ছেন কেমন কাটলো ঈদ, কোথায় (গ্রাম নাকি শহরে) কাটালেন এবারের ঈদ। কর্মকর্তাদের এমন আচরণে খুশি গ্রাহকও।


প্রকাশিত: June 16, 2025 | সময়: 5:49 am | সুমন শেখ

আরও খবর