বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ২৮০ গ্রাম গাঁজাসহ আন্তঃজেলা মাদক চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। শুক্রবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সিলেটের হবিগঞ্জ জেলা থেকে কয়েকজন মাদক কারবারি যাত্রীবেশে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করে রাজশাহীর দিকে আসছে। তারা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলায় মাদকগুলো পাইকারি ও খুচরা বাজারে বিক্রি করার পরিকল্পনা করেছিল। এই তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং পরে বেলপুকুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন: জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াজ (২৫), মেয়ে লিপি বেগম (৩২), (উভয়ের বাড়ি: জগদিসপুর চা-বাগান, মাধবপুর, হবিগঞ্জ), ওলি মিয়ার ছেলে জিয়াউর রহমান (৪০), তার বাড়ি নারায়ণপুর ইটাখোলা, মাধবপুর, হবিগঞ্জ, সাইদুল ইসলামের ছেলে সোহাগ আলী (২৬)। তার বাড়ি সাতরশিয়া বুজপাড়া, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
তাদের হেফাজত থেকে একটি সিএনজি, তিনটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি ট্রাভেল ব্যাগ, একটি স্কুল ব্যাগ এবং ১০ কেজি ২৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মদাক কারবারিরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে অভিনব কায়দায় পরিবহণ করছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা যাত্রীবেশে বিভিন্ন যানবাহনে মাদক পাচার করত।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরী ও পার্শ্ববর্তী জেলায় মাদক সরবরাহ করে আসছিল।
আটকদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।