বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ৭ নং কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীকে গণসংযোগ ও জনসাধারণের সাথে সর্বোচ্চ সহযোগিতার স্বীকৃতিস্বরূপ উপজেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে ‘হ্যান্ডমাইক পুরস্কার’ প্রদান করা হয়েছে। কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে শুক্রবার ১৩ জুন সকাল ৯ টায় এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আমীর খ. ম আব্দুর রাকিব। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগই আমাদের রাজনীতির মূলভিত্তি। কালিকাপুর ইউনিয়নের কর্মীরা এই ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছে, যা অন্য ইউনিয়নগুলোর জন্য আদর্শ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম। তিনি বলেন, গণসংযোগ কেবল রাজনৈতিক কার্যক্রম নয়, এটি জনগণের সেবার হাতিয়ার। কালিকাপুরের সাফল্য আমাদের সকলকে জনমুখী কাজে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরস্কার হিসেবে হ্যান্ডমাইক প্রদানের মাধ্যমে ইউনিয়ন কর্মীদের অর্জনকে সম্মানিত করা হয়। এই উদ্যোগ স্থানীয় রাজনীতিতে গণসংযোগের গুরুত্বকে আরও প্রাণবন্ত করে তোলে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর আসাদুল্লাহ আল গালিব, নায়েবে আমীর মাষ্টার ওসমান গনি, সেক্রেটারি মাওলানা তোজাম্মেল হক সহ ৮ টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি।