সর্বশেষ সংবাদ :

পবায় ৪০ গ্রাম পুলিশ সদস্যদের সার্টিফিকেট প্রদান

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার পবা উপজেলায় শেষ হয়েছে গ্রাম পুলিশ সদস্যদের এক মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে এ প্রশিক্ষণ বাস্তবায়ন করেছে- পবা উপজেলা প্রশাসন।
বুধবার (৪ জুন) দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। এসময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত তিনজন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্য ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জন গ্রাম পুলিশ সদস্যদের সার্টিফিকেট প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও কোর্স পরিচালক আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার শাখার উপপরিচালক জাকিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম।
জেলা প্রশাসক আফিয়া আখতার গ্রাম পুলিশদের আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘বুনিয়াদি প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য মানব সম্পদ উন্নয়ন। একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে কর্মীদের দক্ষতার উপর। দক্ষতা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম প্রশিক্ষণ। এ প্রশিক্ষণ কোর্সের অন্যতম উদ্দেশ্য ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট আইন-বিধি সম্পর্কে অবহিত করা। সততা ও দক্ষতার মাধ্যমে গ্রামপুলিশ বাহিনী রাষ্ট্রের তৃণমূল পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ জানান, বুনিয়াদী প্রশিক্ষণ একটি মৌলিক প্রশিক্ষণ প্রক্রিয়া, যার মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা এবং দলগত কাজের ক্ষেত্রে উন্নয়ন সাধন করবে। এই প্রশিক্ষণটি মূলত তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি ও দক্ষতা অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। প্রশিক্ষণে ৮টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেছিলেন। মাসব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আরও দক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


প্রকাশিত: জুন ৫, ২০২৫ | সময়: ৪:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ