সর্বশেষ সংবাদ :

পবায় বড়বাড়িয়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জান্নাতুল রিয়াল এস্টেট

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার বড়বাড়িয়া রজনী ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হড়গ্ৰাম ইউনিয়নের বড়বাড়িয়া মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে টাইব্রেকারে মেঘনা কাবাডি ক্লাবের হারিয়ে জান্নাতুল রিয়াল এস্টেট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান। এসময় তিনি বলেন,“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুস্থ ও মেধাবী তরুণ প্রজন্মই পারে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ যেমন ঐক্যবদ্ধ হয়, তেমনি তারা সমাজে নেতৃত্বের ভূমিকাও নিতে শেখে।”তিনি আরও বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই তরুণ ও ক্রীড়ামুখী প্রজন্মকে এগিয়ে নেওয়ার পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবকদের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও নেতৃত্বের চেতনা জাগিয়ে তুলেছিলেন। আমরা তাঁর আদর্শেই বিশ্বাস করি— তরুণরাই দেশের সবচেয়ে বড় সম্পদ। তাই রাজনীতি, সমাজ বা খেলাধুলা— সর্বত্রই তাদের ভূমিকা অপরিসীম।”
বিএনপির নেতা রায়হান বলেন,“খেলাধুলা যেমন বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে, তেমনি রাজনৈতিকভাবে সচেতন তরুণরাই পারে দেশের সংকট মোকাবিলায় অগ্রণী ভূমিকা রাখতে। তাই আমি বড়বাড়িয়া রজনী ক্লাবের এই উদ্যোগকে বিএনপির মূল্যবোধের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ মনে করি— যা হলো ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নের প্রতীক।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়বাড়িয়া রজনী ক্লাবের সভাপতি মিনারুল ইসলাম মনসুর। হড়গ্ৰাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন ও যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন হাবিব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


প্রকাশিত: November 1, 2025 | সময়: 4:02 am | সুমন শেখ