জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ

রানা হামিদ, বদলগাছী: নওগাঁর বদলগাছীতে বস্তায় আদা চাষে দিন দিন আগ্রহী বাড়ছে কৃষকের। এতে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় আদার উন্নত জাতের মধ্যে বারি আদা-১, ২, ৩ এছাড়াও বিভিন্ন স্থানীয় জাতের আদা চাষ হয়। গত ২০২৩-২৪ অর্থবছরে উপজেলায় ১০ হাজার বস্তায় আদা চাষ হয়েছে। চলতি মৌসুমে ১২ হাজার ৫০০ বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, আদা চাষ করতে প্রতি বস্তায় কৃষকের গড়ে ৩০-৩৫ টাকা খরচ হয় এবং প্রতি বস্তায় গড়ে দেড় কেজি আদা হলে ৭০-৮০ টাকা আয় হবে।
উপজেলার বিলাশবাড়ী ইউপির নাজিরপুর গ্রামের কৃষক আব্দুর রউফ বলেন, প্রায় ১৫ বছর থেকে মাঠের দেড় বিঘা জমিতে আদা চাষ করছি। বস্তায় আদা চাষের তুলনায় মাঠে আদা চাষে পরিশ্রম ও খরচ অনেক বেশি। কৃষি অফিসের পরামর্শে এ বছর বাড়ির আশপাশের পতিত জমিতে ৩০০ বস্তা আদা রোপণ করেছি। এতে শ্রমিকের প্রয়োজন হচ্ছে না আবার আলাদা জমিও লাগছে না। এবছর ভালো ফলন হলে সামনের দিনে বস্তায় আদা চাষের সংখ্যা আরও বাড়াবো।
একই গ্রামের কৃষক জুলফিকার আলী বলেন, আমি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তার কথায় উদ্বুদ্ধ হয়ে এ বছর প্রথমবারের মতো মাল্টাবাগানের মধ্যে ২০০ বস্তায় আদার রোপণ করেছি। পাশাপাশি কৃষি অফিস থেকেও বস্তায় আদা চাষ প্রদর্শনী পেয়েছি। আদা চাষে লাভবান হবো বলে আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান সানশাইনকে বলেন, বদলগাছীতে বস্তায় আদা চাষ প্রযুক্তি প্রতিনিয়ত জনপ্রিয় হচ্ছে। উপজেলায় পর্যাপ্ত পরিমাণ ফলের বাগান থাকায় বস্তায় আদা চাষ প্রযুক্তি সম্প্রসারণের সমূহ সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এ বছর নতুনভাবে প্রায় ২৫০০ বস্তায় আদা চাষ করা হবে। বস্তায় আদা চাষসহ আধুনিক প্রযুক্তিতে উচ্চমূল্য ফসল চাষাবাদে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছে।


প্রকাশিত: জুন ২, ২০২৫ | সময়: ৪:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর