সর্বশেষ সংবাদ :

রাবিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত; পাশের হার ২০ শতাংশ

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বি ইউনিটের ফল আজ বৃহস্পিতার (১৭ এপ্রিল) প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বি ইউনিটের অন্তর্ভুক্ত।

 

বি ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন (৩৫.১৬%) এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ (৫.৪৬%) জন উত্তীর্ণ হয়। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছে। উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০.৪৩%। পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপে ৭৭.৫০ ও অ-বাণিজ্য গ্রুপে ৬০.২৫। এই ইউনিটে মোট আসন সংখ্যা ৫৫৯ (বাণিজ্য গ্রুপ ৩৬৭, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ১৬৬ ও মানবিক শাখায় ২৬)।

 

ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট https://application.ru.ac.bd/ তে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবে। এজন্য এসএসসি ও এইচসএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাশের বছর প্রয়োজন হবে।

 

উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজ University of Rajshahi থেকে দেখা যাবে।

 

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল যথাক্রমে এ ইউনিট (মানবিক) ও সি ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১১ মে থেকে ২৬ জুন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য সময় আগামী ১ জুলাই।.

সানশাইন/নাজমুল/শামি

০১৩১৮৯৯০৯৮৬


প্রকাশিত: April 17, 2025 | সময়: 6:12 pm | Daily Sunshine

আরও খবর