সর্বশেষ সংবাদ :

ভুট্টার খেত থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় ভুট্টার খেত থেকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কালিদাশখালীর আমবাগান এলাকা থেকে শফিকুলকে উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কালিদাশখালীর আমবাগান এলাকার ফজল শেখের ছেলে। শফিকুল ইসলাম পেশায় কৃষি কাজ করেন। নিহত শফিকুলের রয়েছে- ৪ বছরের ছেলে মাহবুর হাসান ও ১ বছরের কন্যা সন্তান স্রেয়া।
নিহত শফিকুলের স্ত্রী শারমিনের বরাত দিয়ে স্থানীয়রা জানান- বিকেলে গবাদীপশুর জন্য বাড়ির অদূরে ঘাস কাটতে গিয়েছেন শফিকুল। সেখানে কে বা কারা তাকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে মাঠ পাহারাদার হাবলু রক্তাক্ত অবস্থায় শফিকুলকে পড়ে থাকতে দেখে তার ভাগ্নে আব্দুল হালিমকে খবর দেয়। এরপরে আব্দুল হালিম স্থানীয়দের সহযোগিতায় আহত শফিকুলকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক কিসমত আরা রেশমী মৃত ঘোষণা করেন।
মাঠ পাহারাদার হাবলু বলেন, শফিকুলকে রক্তাক্ত অবস্থায় ভুট্টার খেতে পড়ে থাকতে দেখে তার ভাগ্নে আব্দুল হালিমকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় শফিকুলকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নাকি তিনি মারা গেছে।
এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, অপরাধী সনাক্তে মাঠে কাজ করছে পুলিশ। নিহত শফিকুলের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


প্রকাশিত: April 11, 2025 | সময়: 4:32 am | সুমন শেখ