সর্বশেষ সংবাদ :

তরুণরা উদ্যোক্তা হলেই কেবল টেকসই উন্নয়ন ‘সম্ভব’: ইউনূস

সানশাইন ডেস্ক: তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুললেই কেবল টেকসই উন্নয়ন ‘সম্ভব’।
বাসস লিখেছে, বৃস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরাম এ বক্তব্য দিচ্ছেলেন তিনি। সেখানে মূল বক্তা ছিলেন প্রধান উপদেষ্টা। তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব।”
এই প্রজন্মের তরুণদের পৃথিবীর যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি শক্তিশালী প্রজন্ম অভিহিত করে মুহাম্মদ ইউনূস তাদের শুরুতে বা ক্ষুদ্র পরিসরে ব্যবসা চালু করার পরামর্শ দেন। তিনি বলেন, “তুমি একবারে রাতারাতি সবকিছু পরিবর্তন করতে পারবে না। তাই ছোট পরিসরে শুরু করে পরিবর্তনের সূচনা কর।”
তরুণদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘শুরুতে বড় পরিসরে ব্যবসা চালু করা ভুল পথ।’ তিনি সকলের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহবান জানান। বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এদিন ব্যাংককে যান অন্তর্বর্তী সরকারের প্রধান।
এবারের বিমসটেক সম্মেলন শুরু হয়েছে ২ এপ্রিল। শুক্রবার রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সম্মেলনের শীর্ষ বৈঠকে যোগ দেবেন মুহাম্মদ ইউনূস। সম্মেলনে অংশ নিতে তিনি ৪ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবেন। বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তিনি অংশ নেবেন।


প্রকাশিত: April 4, 2025 | সময়: 2:49 am | সুমন শেখ