বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন। সারাদেশের মতো রাজশাহীর বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। বুধবার (২৬ মার্চ) দিন ব্যাপি নানান কর্মসূচি পালন করা হয়েছে।
পবা: সকাল ৮টায় নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়েছে। এরপর বেলা ১১টায় উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
এসময় বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার ও জাইকার উপজেলা কর্মকর্তা জাকিয়া সুলতানা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, রাজশাহী সরকারি মহিলা কলেজের প্রভাষক সরকার রাহনুমা আফরোজ, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, এলজিইডি প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জুহুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, পাট কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বড়াইগ্রাম: বড়াইগ্রামে তোপধ্বনী, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী বিএনপি নেত্রী মহুয়া নুর কচি, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ মোল্লা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস।
নওগাঁ: নওগাঁয় শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে একে একে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ পৌরসভা, জেলা পরিষদ, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ, সিভিল সার্জন অফিস, জেলা প্রেসক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টায় নওগাঁ স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সমাবেশ ও সংবর্ধনা দেওয়া হয়।
বাগমারা: বাগমারায় উপজেলা সদর ভবানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৬ টার দিকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে শহীদদের স্মরণে শহিদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধ কমান্ড, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের পক্ষে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯ টায় ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার সরকার, মুক্তিযোদ্ধা খয়বার রহমান, সামসুল হক, রেজাউল করিম রুবেল।
নিয়ামতপুর: নিয়ামতপুরে সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের নেতৃত্বে পুস্পস্তাবক অর্পন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের পক্ষ হতে, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, উপজেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। উপজেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
পত্নীতলা: পত্নীতলায় বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে সকালে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পত্নীতলা থানা পুলিশ সহ সরকারি আধা-সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকারি এনজিও সংস্থা ও ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। সকাল ৯টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ এনায়েতুর রহমান। পরে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে শহিদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই: আত্রাইয়ে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৮.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটরিয়াম হলরুমে আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি তোজাম্মেল হক।
আদমদীঘি: আদমদীঘিতে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ পুস্পস্তবক অর্পণ করেন। এরপর বীর মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮ টায় আদমদীঘি ঈশ্বরপূর্ণ জয় (আইপিজে) পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, নির্বাচন অফিসার রাজু আহম্মেদ, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন প্রমুখ।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, কুড়িগ্রাম প্রেস ক্লাব ও সামাজিক সংগঠন কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম পৌর অডিটরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন।
রাণীনগর: নওগাঁর রাণীনগরে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন। সকাল ৯টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের অনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান, তদন্ত মোসলেম উদ্দিন বসুনিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তাফা ইবনে আব্বাস।
গোমস্তাপুর: গোমস্তাপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল আটটায় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অবমুক্ত করা হয়, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনার সভাপতিত্বে সকাল দশটায় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, অফিসার ইনচার্জ রইছ উদ্দিন। এসময় ছিলেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ওয়াসিম আকরাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম।
জয়পুরহাট: জয়পুরহাটে শহীদ ডা. আবুল কাশেম ময়দানের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এরপর পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আবু রায়হান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদ রানা প্রধান সহ একে একে বিভিন্ন সরকারি বেসরকারি-সায়িত্ব শাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সকাল ৯টায় জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার, স্কুল, কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও গার্লস গাইডের মার্চপাস্ট ও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পুরস্কার বিতরণ করা হয়।
শিবগঞ্জ: শিবগঞ্জে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম উপজেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক দল, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সাংস্কৃতিক গোষ্ঠির পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা নিবেদন। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। উপজেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের অভিবাদন গ্রহণ। পরে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহাদেবপুর: মহাদেবপুরে শহিদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন, সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ১ম পর্ব অনুষ্ঠিত হয়। ২য় পর্বে সকাল ৯ টায় স্থানীয় ডাকবাংলো মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, পুলিশ, আনসার, ফায়ার ব্রিগেড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১২ টায় জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। জাতীয় দিবস ও মহান স্বাধীনতা উদযাপনের সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। এ সময় উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী, মহাদেবপুর থানার অফিসার ইনচাজ শাহিন রেজা প্রমুখ।
মৌগাছী উচ্চ বিদ্যালয়: রাজশাহী জেলার মোহনপুরের মৌগাছী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সেই লক্ষ্যে জাতির বীর শহীদদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মৌলভী শিক্ষক মাওলানা মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন শিক্ষক নজরুল ইসলাম, ফজলুর রহমান, উম্মে আয়েশা, জিল্লুর রহমান, ওবাইদুর রহমান, চামেলী রানী, আলমগীর হোসেন, ইসমতআরা খান, আশরাফুল ইসলাম প্রমুখ।
পুঠিয়া: পুঠিয়ায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবদুস সাত্তার শহিদ মিনারে সকালে পুষ্পস্তবক অপর্ণ করেন বিএনপি’র নেতৃবৃন্দদের নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যান আইনাল হক, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম বুলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মানছুরিয়া খানকাহ্ শরীফ: মানছুরিয়া খানাকাহ্ শরীফের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ.টি.এস.এম খলিলুর রহমান চিশতীর ৮৫ তম জন্ম বাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী পবা উপজেলার সাইরপুকুর মানছুরিয়া খানাকাহ্ শরীফ প্রঙ্গণে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গদীনশীন পীর শাহ্ সুফি এস.এম শফিকুল আলম আল চিশতী নিজামি, মানছুরিয়া খানকা শরিফ। পীরজাদা এস.এম আজিজুল আলম (বাবু), প্রভাষক, দাউকান্দি ডিগ্রি কলেজ, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিবুল আরেফিন, মাওলানা মোঃ আবু সায়েদ, ইমাম, দারসা জামে মসজিদ, মাওলানা মোঃ শফিকুল ইসলাম, মাওলানা মোঃ ইলিয়াস আলী,মাওলানা মোঃ শরিফুল ইসলাম (কাওসার)