, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলা অডিটোরিয়াম ইসলামিক রিলিফ ইউএসএ এবং ওসমান কনসালটিং ইউকের অর্থায়নে সোশ্যাল এইড এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রতিটি পরিবারের জন্য খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ২৫ কেজি, মসুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, চিনি ২ কেজি, খেজুর ১ কেজি, সেমাই ৪০ গ্রাম, গুড়া দুধ ১ কেজি ও ৩০টি মুরগির ডিম।
এদিকে বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা। খাদ্য সামগ্রী পেয়ে অসহায় নিলুফা বলেন, অভাবের সংসার চালাইতে কষ্ট। কোলে করে বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করি। এখন এসব খাদ্য সামগ্রী পেয়ে রোজার মাসে কষ্টটা অনেকটা লাঘব হয়ে যাবে। শুধু রোজা মাসই নয় ঈদের পরও খাওয়া যাবে।
চা বিক্রেতা আকবর হোসেন বলেন, চা বিক্রি করে কোনরকম জীবিকানির্বাহ করি। রমজানে চা বেচাবিক্রি কম হয়। যেসব খাদ্য সামগ্রী পেলাম তাতে পরিবারের সবাই আনন্দের সঙ্গে বাকি রোজা ও ঈদ করতে পারবো।
অনুষ্ঠানে সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, ওসমান কনসালটিং ইউকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানজিল জে আহমেদ, সোশ্যাল এইডের ফিন্যান্স এন্ড এডমিনিস্ট্রশন পরিচালক মোহাম্মদ আলী, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট পরিচালক ইসাহাক মিয়া, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম।
*