বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের যৌথ আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘কৃষকদের জন্য উন্নত মানের সার ও বীজ নিশ্চিত করতে আমাদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়বে।’
এছাড়াও সভায় উপজেলার সার ও বীজের গুণগত মান নিশ্চিতকরণ, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং কৃষি উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।
সভায় অন্যদের মধ্যে ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম, নাজিমুদ্দিন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, সাধারণ সম্পাদক কাজী রহমান, সদস্য শাহাদুল বাবু ও উপজেলার সকল ডিলার।