সর্বশেষ সংবাদ :

অসহায় গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন হামজা

স্পোর্টস ডেস্ক: এএফসি এশিয়ান কাপের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। এসেই সরাসরি নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাট গ্রামে গিয়েছেন তিনি। সোমবার তাকে দেখতে হাজার মানুষ ভীড় করে। গতকালও হামজার বাড়ি ভর্তি মানুষ।
লম্বা ভ্রমন শেষে এসেছেন হামজা। ঘুম থেকে উঠতে একটু বেলা হলো তার। ঘরের ছাদে এসে উপস্থিত সকলকে অভিবাদন জানায় এই ফুটবলার। এর কিছু সময় পরই নিচে আসেন তিনি। বাবার সাথে ঘরের উঠোনে উপস্থিত গ্রামবাসীদের হাতে টাকা তুলে দেন হামজা। অবশ্য আগেই এই আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। প্রতিবছরই হামজা এমন সহায়তা করেন বলে জানিয়েছেন গ্রামবাসী। শুধু রোজার ঈদ নয় কোরবানীর ঈদের সময়ও গ্রামাবাসীদের জন্য কোরবানি দেন হামজার পরিবার। গ্রামবাসীদের মতে প্রতিবছর ৬-৭টি গরু কোরবানী করা হয় হামজার পরিবারের পক্ষ থেকে।
প্রতিবছর লোক মারফত গ্রামবাসীদের হাতে টাকা পাঠান হামজা। আজ যেহেতু দেশে আছেন তাই নিজের হাতে গ্রামবাসীদের হাতে টাকা তুলে দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। হাসিমুখে সকলের সঙ্গে দেখা করে টাকা তুলে দিয়েছেন এই ফুটবলার। ভালো ফুটবলারের পাশাপাশি একজন ভালো মানুষ হামজা এমনটাই জানালেন তার গ্রামের সকলে। গ্রামে সবকিছু শেষ করে গতকালই রাতে ঢাকা পৌছেছেন হামজা চৌধুরী। যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে।


প্রকাশিত: March 19, 2025 | সময়: 4:00 am | সুমন শেখ