সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে শোভন আহমেদ (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর নলগাড়ী এলাকায় ওই শিক্ষার্থীর নানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শোভন আহমেদ ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া মধ্য অরণকোলা এলাকার রঞ্জুর ছেলে। সে রাজধানী ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, রোববার সকালে নানার বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি মেয়ের সঙ্গে শোভন আহমেদ এর প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ক ছিন্ন করার জন্য তাকে বলা হচ্ছিল। এ বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: October 5, 2026 | সময়: 3:18 am | সুমন শেখ

আরও খবর