সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই নারীর বয়স ২৫-২৬ বছর হতে পারে বলে জানিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ। সোমবার দুপুরে পাকশী রেলওয়ে স্টেশনের শেষ মাথায় প্রকল্পের ভরাট করা মাটির স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে রূপপুর পারমাবিক বিদ্যুৎ প্রকল্প এলাকার স্থানীয় লোকজন কাজের উদ্দেশ্যে বের হলে প্রকল্পের ভরাট করা মাটির স্তুপের উপর লম্বা কালো চুলের মত কিছু একটা দেখতে পান। পরে সামনের দিকে এগিয়ে গেলে কালো সালোয়ার কামিজ পরা ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আর ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জেনে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।


প্রকাশিত: March 18, 2025 | সময়: 3:57 am | সুমন শেখ

আরও খবর