রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে ঘোষিত মহানগর ও জেলা কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তিন দিনের মধ্যে তা বাতিলের আল্টিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রসমাজ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী কলেজের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি আলুপট্টি মোড় ঘুরে জিরো পয়েন্টে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা দাবি জানান, প্রকৃত নেতৃত্বকে উপেক্ষা করে বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, আন্দোলনের প্রধান সংগঠকদের বাদ দিয়ে এমন ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে, যারা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ এবং উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজশাহীর দুই কৃতিসন্তান, শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আঞ্জুম আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। অথচ ঘোষিত কমিটিতে প্রকৃত নেতৃত্বকে উপেক্ষা করা হয়েছে, যা শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল।

রাজশাহী কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, আমরা রাজশাহীতে কোনো পকেট কমিটি মানবো না, কোনো ষড়যন্ত্রকারীকেও স্থান দেব না। আগামী রোববারের মধ্যে যদি এই কমিটি বাতিল না করা হয়, তবে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। শহীদদের উত্তরসূরিরা এখনও রাজপথে জেগে আছে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রাজপথে থাকার জন্য প্রস্তুত।

এই বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শিক্ষার্থী আব্দুর রহিম, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. জুবায়ের রশিদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মোশাররফ হোসেন ফিরোজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল হাফিজ সরকার, আরবি বিভাগের শিক্ষার্থী মো. শাহাদাৎ হোসেনসহ আরও অনেকে।

শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজশাহীর ছাত্রসমাজ কোনো অন্যায় মেনে নেবে না। তিন দিনের মধ্যে দাবি পূরণ না হলে তারা আরও বৃহৎ আন্দোলনের ঘোষণা দেবেন।

সানশাইন/ ফেরদৌস /শামি

 


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫ | সময়: ৮:৪০ অপরাহ্ণ | Daily Sunshine