, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে লালন শাহ সেতুর উপর বিকল ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় চালকের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে ঈশ্বরদী উপজেলার পাকশী লালন শাহ্ সেতুর উপর এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২২)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা। ইলিয়াস দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী ছিলেন। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কুষ্টিয়ার ভেড়ামারা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তুহিন হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে এস আই তুহিন হোসেন আরও জানান, ভোরে লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক এসে বিকল ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।