, , ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থানাধীন পরশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার বিকাল সাড়ে পাঁচ টার দিকে বদলগাছী থানাধীন পরশুরামপুর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পরশুরামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হোসাইন (২৯), ফরহাদ হোসেনের ছেলে সাহাদাত হোসেন শামীম (২০), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন গনিপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে ছামীউল হাসান (১৯) এবং পালাতক আসামী উপজেলার পরশুরামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাসেল (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানাধীন পরশুরামপুর এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হোসাইন, সাহাদাত ও ছামিউলকে আটক করে এবং পলাতক আসামী রাসেল কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে হোসাইন, সাহাদাত ও ছামিউলের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হোসাইন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করত গ্রেফতারকৃত আসামী সাহাদাত, ছামিউল ও পলাতক আসামী রাসেলের মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী বলেন, মাদক মামলা রেকর্ড করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।