সর্বশেষ সংবাদ :

অকালে চলে গেলেন রাজশাহী কলেজ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার :

রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (২০২৩-২৪) শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ বিরল স্নায়ুবিক রোগ গিলেন-ব্যারে সিনড্রোম (GBS) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মুরাদের গ্রামের বাড়ি নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার বনগ্রাম ইউনিয়নের মহিষডাঙা গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২০ বছর।

তার মৃত্যুতে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থী মহলে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধুবান্ধব ও সহপাঠীরা তাকে একজন অমায়িক, পরোপকারী ও মেধাবী ছাত্র হিসেবে স্মরণ করছেন। এক বন্ধু বলেন, “মুরাদের চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। সে ছিল অসাধারণ একজন মানুষ। তার অভাব কেউ পূরণ করতে পারবে না।”

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যুহুর আলী গভীর শোক প্রকাশ করে বলেন, “আমাদের প্রিয় শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার এ অপ্রত্যাশিত বিদায় আমাদের সবাইকে মর্মাহত করেছে। রাজশাহী কলেজের পক্ষ থেকে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মুরাদকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর জানান, GBS একটি জটিল ও বিরল স্নায়ুবিক রোগ। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে এ রোগ সম্পর্কে অবগত ছিলাম না। মুরাদ নিউরো মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্বজন ও বন্ধুরা।

মুরাদের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, বন্ধু ও শিক্ষকদের চোখে এখন শুধু অকাল হারানোর বেদনা। মেধাবী এই শিক্ষার্থীর স্মৃতি সবার মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।

সানশাইন/ফেরদৌস/শামি


প্রকাশিত: January 30, 2025 | সময়: 7:47 pm | Daily Sunshine

আরও খবর