সর্বশেষ সংবাদ :

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ছিল পোর্ট এলিজাবেথ টেস্ট। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসের লড়াইয়ে সমতা ফেরানোর আশায় ছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ দিন কেশব মহারাজের ঘূর্ণিতে ২৩৮ রানেই শেষ হয়েছে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট জিতেছে ১০৯ রানের ব্যবধানে।
৩৪৮ রানের লক্ষ্যে ৫ উইকেটে ২০৫ রান নিয়ে দিন শুরু করেছিল সফরকারী দল। জয়ের জন্য প্রয়োজন ছিল আর ১৪৩ রান। দিনের লড়াই শুরু করেছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। সেখান থেকে আর ৩৩ রান যোগ হতেই বাকি ৫ উইকেট হারায় লঙ্কান দল। তাতে দুই ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করায় টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষে উঠেছে প্রোটিয়া দল।
শ্রীলঙ্কার অপ্রত্যাশিত কিছু করার সম্ভাবনা মিলিয়ে যায় দিনের শুরুর দশ ওভারেই। শুরুতে ৪৬ রান করা কুশলকে বিদায় দেন মহারাজ। গুরুত্বপূর্ণ জুটি ভাঙার পর হাফসেঞ্চুরি পাওয়া ধনাঞ্জয়াকেও রাবাদা বিদায় দিলে প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে। তার পর শেষ তিন উইকেট পড়েছে দ্রুত গতিতে। যার মধ্যে মহারাজ নিজেই নিয়েছেন দুটি। মার্কো ইয়ানসেন তার পর লাহিরু কুমারাকে বিদায় দিলে শেষ হয় লঙ্কানদের ইনিংস। বামহাতি স্পিনার কেশব মহারাজ ৭৬ রানে ৫ উইকেট নিয়েছেন। দুটি করে নিয়েছেন কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন। মোট ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা প্যাটারসন।৩২৭ রান তুল সিরিজ সেরা তেম্বা বাভুমা।


প্রকাশিত: December 10, 2024 | সময়: 6:25 am | সুমন শেখ