আত্রাইয়ে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চত্বরের মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
দীর্ঘদিন ধরে বর্ষাকাল ও সামান্য বৃষ্টি হলেই উপজেলা পরিষদ মাঠে পানি জমে থাকত। এতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হতো। জনদুর্ভোগ লাঘব ও মাঠের পরিবেশ সুন্দর রাখতে আত্রাই উপজেলা প্রশাসন এই ড্রেন নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, জনসেবার মান উন্নয়ন এবং সরকারি দপ্তরে আসা সাধারণ মানুষের ভোগান্তি দূর করাই আমাদের লক্ষ্য। এই ড্রেন নির্মাণের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং উপজেলা চত্বরের পরিবেশ উন্নত হবে। বর্তমান সরকার ও প্রশাসন জনগণের দুর্ভোগ লাঘবে অত্যন্ত আন্তরিক।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আরসিসি ড্রেনটি নির্মিত হলে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিক ও টেকসই হবে। এতে বর্ষা মৌসুমেও মাঠে পানি জমে থাকার সমস্যা আর থাকবে না, যা উপজেলা পরিষদের সামগ্রিক পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অফিজ উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রকাশিত: জুন ১৩, ২০২৬ | সময়: ৪:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর