কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার দেশ এবং দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, ‘শেখ হাসিনার পতনের পর ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আপনারা দেখেছেন, কি ভাবে একটি পলিটিকাল বন্যা বাংলাদেশে ধেয়ে এসেছে। কোন বার্তা ছাড়াই পানি ছেড়ে দেয়া হয়েছে। আমরা মনে করি, এটা পলিটিক্যাল বন্যা। এর বাহিরেও বিভিন্ন গ্রুপ আমাদের ব্যানারকে ব্যবহার করে পলিটিক্যাল স্বার্থ উদ্ধারে উঠে পড়ে লেগেছে। আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে।
শুক্রবার দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণঅভ্যুত্থানের প্রেরনায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি আহবান জানাবো ৫আগস্টের আগ পর্যন্ত ছাত্র-জনতা যে ভাবে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছেন এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, সেই ভাবেই আগামীতেও আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কারণ আপনাদের ঐক্যবদ্ধতা দিনশেষে বাংলাদেশ বিনির্মানে ও বর্তমান ভংগুর কাঠামো পুনর্গঠনের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন। আমরা সারাদেশ থেকে ছাত্র আন্দোলনে শহীদ ও আহতের তালিকা সংগ্রহ করছি। এসব পরিবারকে কি ভাবে পুনর্বাসন করা হবে- সে বিষয়ে আলোচনা হচ্ছে। আহতের চিকিৎসার বিষয়ে আমরা কাজ করছি।’
এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, ইফতেকার আলম আসাদ, সাইফুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ মেহেদী, ফয়সাল আহমেদ, আল রাকিব, ফাতিন মাহদি, সাদিকুল ইসলাম স্বাধীন, ঐশিক মন্ডল জয় ও ইমাম হুসাইন ইমন এবং জয়পুরহাট জেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪ | সময়: ৬:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ