, , ।
স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালিয়ে শিক্ষার্থীদের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশের পরে তারা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের কাছে একটি স্মারকলিপি দেন।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে জমায়েত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণকপাড়া, নিউমার্কেট হয়ে রেলগেটে যান। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা নগর ভবনে গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের কাছে ছাত্র হত্যা কারীদের বিচারের দাবিতে একটি স্মারকলিপি দেন।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আব্দুর রহিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীতে অনেক সাধারণ ছাত্র নিহত হয়। আন্দোলনের সময় পুলিশ বাহিনীর সাথে এক হয়ে কিছু সংখ্যক সন্ত্রাসীরা ছাত্র হত্যায় সরাসরি ভাবে জড়িত ছিল। আজকে আমরা তাদের শাস্তির দাবিতেই বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা প্রত্যাশা করছি যে তিনি অতি শীঘ্রই দোষীদের শাস্তির আওতায় আনবেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, ফাহিম রেজা, নূরুল ইসলাম শহীদ, রাশেদ রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।