, , ।
স্টাফ রিপোর্টার: মাছে ভাতে বাঙ্গালী। গরম ভাতে মাছের ঝোলের যে মজাদার স্বাদ তা বাঙ্গালীরা বেশ ভালোই জানেন। তার উপরে সেই মাছ যদি নদী বা হাওড়ের হয় তাহলে তো কথাই নেই। স্বাদ বাড়ে দ্বিগুন। রাজশাহী মহানগরীতে মাঝে মাঝেই আসে কিশোরগঞ্জ বা যমুনা থেকে আসে বড় বড় সব মাছ। আর সেইসব মাছ হঠাৎ মেলে নগরীর বিভিন্ন ব্যস্ত মোড়ে।
বৃহস্পতিবার রাতে নগরীর অলকার মোড়ে পিকআপ ভর্তি মাছ নিয়ে এসেছিল মাছ ব্যবসায়ীরা। মাছগুলো কিশোরগঞ্জ হাওড়ের। অনেক বড় বড় কাতলা, রুই, বোয়াল। মাছগুলো ঘিরে উৎসুক মানুষের ভিড়। কেউ কিনতে কেউ দেখতে।
নগরীর কয়েকদাড়া এলাকার রেদওয়ানুল হক রনি জানান, এতো বড় বড় মাছ দেখতেই ভালো লাগছে। একাই একটা মাছ কেনা সম্ভব নয়। তাই দেখেই মনের স্বাদ মেটাচ্ছি।
অনেকেই আবার সেখানেই গ্রুপ করে মাছ কিনছে। ১৭ কেজি একটি কাতলা মাছের দাম ১১ হাজার। মাছটি ১২ জন মিলে কিনে নেন। কেউ ১ কেজি আবার কেউ ২ কেজি।
নগরীর ষষ্টিতলা এলাকার আজমত খান বলেন, মাছ দেখতে আসা মানুষের মধ্যেই ৮ জন মিলে একটি রুই মাছ কিনলাম। রুই মাছটির ওজন ১২ কেজি। দাম ৯ হাজার টাকা। সবাই মিলে দেড় কেজি করে ভাগ করে নিবো।
মাছগুলোর মধ্যে ৪ থেকে ৫ কেজি ওজনের মাছগুলো আছে। সেগুলো ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেকেই এককভাবে মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে।