সর্বশেষ সংবাদ :

ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা ফ্যাসিজমের লক্ষণ: বিএনপি নেতা রাইট

স্টাফ রিপোর্টার :

জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখাকে ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মো. জিয়াউল ফেরদৌস রাইট।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ ও প্রতিবাদ জানান বিএনপির এই নেতা।

জিয়াউল ফেরদৌস রাইট অভিযোগ করে বলেন, ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের আচরণ প্রশাসনের ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।

তিনি আরও অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলের অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এটি রাজনৈতিকভাবে চরম বৈষম্যমূলক আচরণ।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জিয়াউল ফেরদৌস রাইট সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, জিয়াউল ফেরদৌস রাইট আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

ফেরৌস/শাহজাদা


প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬ | সময়: ১০:২৮ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর