, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলায় ধানখেতের আইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, সেচপাম্পের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা নামক স্থানের একটি ডিপের পাশে ধানক্ষেতের আইলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি সেচপাম্পের ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তার মৃত্যু হতে পারে। শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।